স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ মার্চ: “ভাজপা হারাও, কর্পোরেট কো সবক শিখাও” এই স্লোগানকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সহ যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট চলছে সেখানে বিজেপিকে ভোট না দেওয়ার জন্য আবেদন করলেন সাড়ে পাঁচশো কৃষক সংগঠনের মঞ্চ সংযুক্ত সংঘর্ষ মোর্চার নেতা ডঃ সুনিলম। শনিবার উত্তর দিনাজপুর জেলায় এসে প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এমন ঘোষনাই করলেন দিল্লির কৃষক আন্দোলনের নেতা ডঃ সুনিলম। তিনি এও জানান, বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে নির্বাচন চলাকালীন সারা বাংলাজুড়ে প্রচার কর্মসূচি চালানো হবে। যে কেন্দ্রে যে দল বিজেপিকে পরাস্ত করার ক্ষমতা রাখে সেই কেন্দ্রে সেই দলকেই সংযুক্ত সংঘর্ষ মোর্চা সমর্থন করবে।

কেন্দ্রের বিজেপি সরকারের প্রনয়ন করা কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশের সাড়ে পাঁচশো কৃষক সংগঠনের মঞ্চ সংযুক্ত সংঘর্ষ মোর্চা। দিল্লিতে সংযুক্ত সংঘর্ষ মোর্চার আন্দোলন আজ ১২১ দিনে পড়ল। এই ১২১ দিনে দেশের ৩২৫ জন আন্দোলনকারী কৃষক শহিদ হয়েছেন বলে দাবি সংযুক্ত সংঘর্ষ মোর্চার কোর কমিটির নেতা ডঃ সুনিলমের। ডঃ সুনিলম বলেন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মোদীজি কোভিডের মধ্যে দেশের মানুষ যখন কোভিডের ভয়ে ঘরে বন্দি ছিল সেই সুযোগে ৩টি কৃষি আইন ও শ্রমিক বিরোধী আইন তৈরি করে দেশের কৃষক, কৃষি ফসল ও জমি আম্বানি আদানির হাতে তুলে দেওয়ার আইন তৈরি করেছে। দেশের সমস্ত সরকারি সম্পত্তি জলের দরে আদানি আম্বানিদের কাছে বিক্রি করছে বিজেপির প্রধানমন্ত্রী। এরপরেও কি দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র-যুব, মহিলারা রাজ্যের বিধানসভা ভোটে তাঁদের মূল্যবান ভোট বিজেপিকে দেবেন, সেই প্রশ্নই তুলে দিয়েছেন দিল্লিতে কৃষক আন্দোলনের নেতা ডঃ সুনিলম। তাঁর আবেদন বিজেপিকে ভোট নয়।

