ফের ধস অন্ডালের কাজোড়ায়, ধসের কবলে জলশূন্য আস্ত জলাশয়, আতঙ্কে গোটা গ্রাম

জয় লাহা, দুর্গাপুর, ৩ অক্টোবর: ফের ধস। এবার ধস নামল আস্ত জলাশয়ে। রবিবার ঘটনাটি ঘটেছে, অন্ডালের কাজোড়া গ্রামে। ধসে তলিয়ে যাওয়ার আশঙ্কায়  আশপাশের গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে তৎপরতা শুরু করল স্থানীয় ব্লক ও পুলিশ প্রশাসন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরী হয়েছিল আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল। নিম্নচাপের জের কাটতেই খনি অঞ্চলের মাটিতে ধস নামতে শুরু করেছে। কয়েকদিন আগে অন্ডালের কাজোড়ায় সেরি কালচার বাগানের পাশে ধস নেমেছিল। রবিবার কাজোড়া গ্রামের বাগদীপাড়ার পাশে একটি পুকুরে ধস নামে। প্রায় ২০০ বর্গ মিটার জুড়ে মাটি ধসে যায়। ঘন্টাখানেকের মধ্যেই প্রায় ৫-৬ বিঘার পুকুরটির জল ধসের ফলে মাটি তলায় তলিয়ে যায়। ধস এলাকা থেকে ২০০ মিটার দূরে রয়েছে জনবসতি। প্রায় ৫০০ পরিবারের বসবাস। পাশেই রয়েছে ইসিএলের সেন্ট্রাল কাজোড়া কোলিয়ারি ও বালি বাঙ্কার। 

পুকুরের পাশ দিয়ে চলে গেছে, প্রধানমন্ত্রী গ্রামীন সড়ক যোজনার রাস্তা। বালি বাঙ্কার ও গ্রাম থেকে প্রায় ৪ কিলোমিটার ওই রাস্তাটি মিশেছে অন্ডাল থানার পাশ দিয়ে ২ নং জাতীয় সড়কে। যে কোনও সময় আস্ত রাস্তাটির একটা অংশ তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধসের জেরে ওই রাস্তাটি আপাতত বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। গ্রামবাসীদের অভিযোগ, কয়লা উত্তোলনের পর মাটির নীচে বালি ভরাট ঠিক মতো না হওয়ায় তার মাশুল মাটি ধস। ওই পুকুরের জল গ্রামবাসীরা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যাবহার করত। জলশূন্য হয়ে যাওয়ায় চরম জল সঙ্কটে পড়তে হবে গ্রামবাসীদের। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ ও ব্লক প্রশাসন।

অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, “গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে। ওই এলাকায় কেউ যেন না যায়। রাস্তাটি বন্ধ রাখা হয়েছে। গ্রামবাসীদের সঙ্গে আলোচনা চলছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে।” যদিও ইসিএল কর্তৃপক্ষ এবিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *