সাথী দাস, পুরুলিয়া, ৩০ জুন: পুরুলিয়ায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি সায়নী ঘোষের ইডির মুখোমুখি হওয়া নিয়ে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ দুপুরে পুঞ্চায় একটি পদযাত্রায় অংশ নেন তিনি। পরে সেখানে পথ সভায় বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে তিনি সরব হন।
সায়নী ঘোষকে নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার হদিস না পাওয়া প্রসঙ্গে সরাসরি তিনি বলেন, “কিছুদিনের মধ্যেই সিনেমা হবে “সায়নী অন্তর্ধান রহস্য”। আমরা দেখবো। হাততালি দেব।“ একই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, “উনি পরীক্ষায় বসার সুযোগ পেলেন।”

জেল বন্দি কুন্তলকেও এনিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। মিনাখায় তৃণমূল প্রার্থী মোহরউদ্দিন গাজির মনোনয়ন বাতিল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, শুধু বাতিল নয়, সংশ্লিষ্ট বিডিওর চাকরি চলে যাওয়ার দরকার। তৃণমূলের আন্তর্জাতিক দল হওয়ার ইচ্ছে হয়েছে তাই বিদেশ থেকে মনোনয়ন করা হয়েছে। এবার দেখা যাবে বারাক ওবামা এখানে পঞ্চায়েতে দাঁড়াবেন জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের হয়ে।
আড়িয়াদহের হত্যা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এর পিছনে পঞ্চায়েত ভোট বা রাজনৈতিক কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখতে হবে। সম্প্রতি পুরুলিয়ার দুই আধিকারিকের বদলি এবং ডবল ব্যালট পেপার ছাপানোর অভিযোগ প্রসঙ্গে এদিন জেলা পুলিশ প্রশাসনকে একহাত নেন তিনি। ব্যালট ছাপার পর তার টেমপ্লেট ধ্বংস করে দেওয়ার নিয়ম থাকলেও তা থানার আইসি’দের কাছে নিয়ম বহির্ভূত ভাবে রেখে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

জেলা পুলিশ সুপারের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সুষ্ঠু এবং অবাধ ভোট হলে পুরুলিয়া জেলা পরিষদ দখল সহ পঞ্চায়েতে খুব ভালো ফল করবে বিজেপি। এই দাবি তুলে তিনি বলেন, এবার সবাই বিজেপির সাথে থাকবে। কুড়মি ভোট বিজেপির সাথে রয়েছে বলেও দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন বিকেলে বাঘমুন্ডিতেও দলীয় প্রার্থীর সমর্থনে কর্মসূচিতে অংশ নেন তিনি।

