সাথী দাস, পুরুলিয়া, ১৭ সেপ্টেম্বর: করম পূজায় আজ বিশেষ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এর প্রতিবাদে পথ অবরোধ করল কুড়মী সমাজ। পুরুলিয়া জেলার মানবাজার মহকুমা এলাকায় পথ অবরোধে ব্যাপক প্রভাব পড়েছে। তাদের দাবি আজকের দিনটি সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হোক।
কুড়মী সমাজের দীর্ঘদিনের দাবি ছিল করম পরবে সাধারণ সরকারি ছুটি ঘোষণার। কিন্তু করম পরবে সাধারণ ছুটির বদলে সেকশনাল ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই অভিযোগে পুরুলিয়া জেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ জানাচ্ছে কুড়মী সমাজ। মানবাজার, পুঞ্চা, হুড়া ব্লকের কুড়মী সমাজের বিক্ষোভ পথ অবরোধ চলছে।

মানবাজারে মানবাজার থেকে পায়রাচালি হয়ে বাঁকুড়া যাবার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ধাদিকা গ্রাম কমিটি। সকাল ১০ টা থেকে চলছে অবরোধ।

