আমাদের ভারত, ভাঙড়, ২১ মে: লকডাউনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দুঃস্থ, অসহায় মানুষের হাতে চাল ডাল আলু তুলে দিলেন কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকরা। শুক্রবার বিকালে থানা চত্বরে প্রায় দুশো পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় পুলিশের তরফ থেকে। কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের ডিসি গৌরব লালের উপস্থিতে এই মানবিক কাজে সামিল হন থানার অনান্য আধিকারিকরা।
করোনা আবহে কার্যত লকডাউনের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গৌরব লাল। আগের লকডাউনের সময় ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার তরফ থেকে এলাকার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন পুলিশ কর্মীরা। এবারও তাঁরা সহযোগিতা করলেন। পুলিশের দাবি, এই এলাকায় বহু মানুষ দিন মজুরির কাজ করেন। করোনা সংক্রমণ রুখতে সরকারি বিধি নিষেধের ফলে এবারও তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। মূলত সেই সমস্ত পরিবারদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে থানার পক্ষ থেকে। খোদ পুলিশ কর্তাদের কাছ থেকে এমন পরিস্থিতিতে খাদ্য সামগ্রী পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষরা।


