কালিয়াচকের ধর্মান্তকরণ মামলায় সিবিআই ও এনআইএকে যৌথ তদন্তের নির্দেশ হাইকোর্টের

আমাদের ভারত, ১৯ মে: মালদার কালিয়াচকে জোর করে অসহায় হিন্দু পরিবারগুলিকে ধর্মান্তকরণের ঘটনায় মালদার এসপিকে ২১ জুন রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ওই এলাকা সীমান্তবর্তী হওয়ায় সিবিআইকেও এই ব্যাপারে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

অভিযোগ ছিল, কলাবতী মন্ডল নামে এক মহিলা ও তার স্বামীকে জোর করে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করা হয়েছে। এছাড়াও এলাকার অন্যান্য অসহায় হিন্দু পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে ধর্মান্তরিত হবার জন্য বলে অভিযোগ। কিন্তু কালিয়াচক থানার আইসিকে এই ব্যাপারে অভিযোগ জানালেও তিনি গ্রহণ করেননি। বিচারপতির রাজশেখর মান্থা পুরো বিষয়টি শোনার পর সিবিআই ও এন আইকে পুরো ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস জানান, ওই এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় সেখানে বেআইনি অস্ত্র পাচার ও মাদক চোরাচালানের বিষয়ের সঙ্গে এই ঘটনার কোনও যোগসাজশ আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় বিস্ফোরক সংক্রান্ত বিষয়ও জড়িত থাকতে পারে বলেও অভিযোগ। সেই কারণেই এন আই একে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

দিন কয়েক আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন কালিয়াচক থানার আইসি এলাকার হিন্দু পরিবারকে মুসলিম ধর্ম গ্রহণের জন্য চাপ দিচ্ছেন। পরিবারের পুরুষ সদস্যদের হাজতে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। এর বিরুদ্ধে ওই সব পরিবারের মহিলা ও শিশুরা পথে বসে প্রতিবাদ করেন। এই ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি সংবিধানের ২৫ নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার সুরক্ষিত আছে বলেও উল্লেখ করেছিলেন তিনি। এই ঘটনায় অপরাধীরা যদি সাজা না পায় তাহলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। তারপরই বুধবার কলাবতী মন্ডল নামে ওই মহিলা হাইকোর্টে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *