চাবি বিভ্রাট, জেলা অফিসে ঢোকাই হল না নাড্ডার

আমাদের ভারত, হুগলি, ৯ জুন: বিজেপির দলীয় অফিসে ঢুকতে না পেরে ক্ষুব্ধ হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধবার চুঁচুড়ার বন্দেমাতরম ভবন পরিদর্শনে আসেন জেপি নাড্ডা।

ঘটনার দিন সর্বভারতীয় সভাপতির কনভয় বিবেকানন্দ রোড ধরে পিপুলপাতির দিকে যাওয়ার পথে ৩ নম্বর গেটে বিজেপির পার্টি অফিসের রাস্তায় ঢুকেছে। বন্দেমাতরম ভবনে যাবার আগে কনভয়ের গন্তব্য বিজেপির হুগলী সাংগঠনিক জেলা অফিস। কিন্তু অফিসের বাইরের গেটে তখন তালা ঝুলছে। তড়িঘড়ি বিজেপি কর্মীরা ছুটে এলেও চাবি কার কাছে জানা ছিল না তাদের।

অগত্যা কর্মীরা তৎখনাত তালা ভাঙ্গাতেই উদ্যত হলেন। কিন্তু ততক্ষনে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা যুক্ত কনভয় সামনে থেকে গাড়ি ঘোরাতে শুরু করেছে। সরু রাস্তায় কোনোক্রমে গাড়ি ঘুরিয়ে পরের গন্তব্য চুঁচুড়ার জোড়াঘাটের দিকে রওনা দিল কনভয়। ফলে এদিন আর জেলা অফিস দেখা হল না কেন্দ্রীয় সভাপতির। বিষয়টি ততক্ষনে বুঝতে পেরেছেন স্থানীয় ব্যাবসায়ীরা। যারা হঠাৎ ভিভিআইপির আগমনে অনেকটাই ঘাবরে গিয়েছিলেন। গেটের সামনে অবশ্য লোহার কুচি বর্তমান ছিল। যা দেখে এটা স্পষ্ট যে গেটের গায়ে কিছুর আঘাত অন্তত পরেছে। যদিও দলীয় কার্যালয়ের রাস্তায় কনভয় ঢোকার কথাই অস্বীকার করেছেন বিজেপির হুগলী সাংগঠনিক সম্পাদক সুরেশ সাউ। তিনি বলেন, সর্বভারতীয় সভাপতি এসেছেন বলে কথা। তাই কার্যালয়ের কেয়ারটেকারও হয়তো তাঁকে দেখতে গিয়েছিল। কিন্তু দলীয় কার্যালয়ের দিকে কোনো কনভয় ঢোকেনি। যদিও কেয়ারটেকার উজ্জ্বল ভৌমিক দাবি করেছেন, আমি অফিসেই ছিলাম। আমি নাড্ডাজিকে দেখতে যাইনি।

যদিও গোটা বিষয়টা নিয়ে চুঁচুড়ার তৃণমূল নেতা বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি দলীয় অফিসে এসে ফিরে গিয়েছেন। দলীয় কার্যালয় খোলার নাকি লোকই ছিল না। এরপরই তৃণমূল নেতারা কটাক্ষ করে বলেন, বিজেপির নেতা কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হয়েছেন। তাই বিজেপির দলীয় অফিসে তালা খোলার লোক নেই। নাড্ডাবাবুরা আগামীদিনেও এসে এভাবে ঘুরে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *