“একটি রাজ্যে চলতে থাকা সন্ত্রাসের চক্রান্তের মুখোশ টেনে খুলে দিয়েছে দ্যা কেরালা স্টোরি,” বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমাদের ভারত, ৫ মে: মুক্তির পর থেকেই বিতর্ক শুরু হয়েছে দ্য কেরালা স্টোরি সিনেমাটি নিয়ে। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের তৈরি ছবির পাশে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদী। কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে দ্য কেরালা স্টোরির প্রসঙ্গ তুলে এনেছেন প্রধানমন্ত্রী। ৩২ হাজার হিন্দু ও খ্রিস্টান মহিলাকে জোর করে ধর্মান্তকরণের কথা বলা হয়েছে এই সিনেমায়। বিরোধীরা এই ঘটনাকে সম্পূর্ণ সত্য নয় বলে দাবি করেছেন। কিন্তু শুক্রবার প্রধানমন্ত্রী বলেছেন সিনেমাটি একটি রাজ্যে চলতে থাকা সন্ত্রাসের চক্রান্তের মুখোশ টেনে খুলে দিয়েছে।

বিরোধীদের অভিযোগ, বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রচারের জন্য এই ছবি তৈরি করা হয়েছে। কাশ্মীর ফাইলস নিয়েও এই একই অভিযোগ বছর খানেক আগে তুলেছিলেন বিরোধীরা। এই ছবিটির বিরোধিতা করায় কংগ্রেসের সমালোচনা করেছেন মোদী। তিনি বলেন, কংগ্রেস এই ছবির বিরুদ্ধে কথা বলছে। যে সন্ত্রাসের জন্য দেশের কোটি কোটি মানুষ যন্ত্রণা ভোগ করেন, কংগ্রেস এই সন্ত্রাসের কাছে মাথা নোয়ায়। তবে কংগ্রেস এটা করছে শুধুমাত্র ভোট ব্যাঙ্কের জন্য।

শুক্রবার কর্ণাটকের বল্লেরিতে জনসভা ছিল প্রধানমন্ত্রীর। খুব শীঘ্রই দক্ষিণের এই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে কর্ণাটকে বিজেপির হয়ে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী কর্ণাটকে আরো একবার ডাবল ইঞ্জিন সরকার ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, কংগ্রেসের উপর আপনারা কি করে ভরসা করবেন? ওদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খোলার ক্ষমতাটুকু নেই। এরপরই মোদী কেরালা ফাইলসের কথা টেনে এনে বলেন, “কেরালা একটা সুন্দর রাজ্য। যেখানে কর্মোদ্যোগী মেধাবী মানুষের বাস। আর কেরালা স্টোরি সেই রাজ্যের সন্ত্রাসবাদী চক্রান্তকে ফাঁস করে দিয়েছে। সবসময় গুলি বোমা দিয়েই সন্ত্রাস হয় না। ধীরে ধীরে সমাজকে শেষ করে দেওয়াও এক ধরনের সন্ত্রাস। দেশবাসীর দুর্ভাগ্য কংগ্রেস সেই চক্রান্তকে সমর্থন করছে। শুধু তাই নয়, সবার আড়ালে চক্রান্তকারীদের সঙ্গে বোঝাপড়াও করছে। তাদের কাছে নতি স্বীকার করছে। তাই কংগ্রেসের থেকে সাবধান থাকুন।”

শুক্রবারে জনসভায় মোদী কংগ্রেসকে আরো একটি বিষয় আক্রমণ করেন। তিনি বলেন, কংগ্রেস তার ভোটের প্রচার পত্রে লিখেছে এটা বন্ধ করে দেবো। ওটা হতে দেব না। একে এটা করতে দেব না। ওটা ওখানে হতে দেব না। তিনি প্রশ্ন তোলেন, কংগ্রেস কি কর্ণাটকবাসীর জন্য তালা ঝোলানোর প্রস্তুতি নিয়ে আসছে?

মোদী কংগ্রেসের বিরুদ্ধে কেন্দ্রের অপারেশন কাবেরী নষ্ট করার অভিযোগ করেছেন। গৃহযুদ্ধে উত্তাল সুদান থেকে ভারতীয়দের ফেরানোর অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন কাবেরী। মোদী অভিযোগ করেছেন, কংগ্রেস সুদানে থাকা ভারতীয়দের বিপদে ফেলার চেষ্টা করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *