আমাদের ভারত, ১৯ মে: মমতা বন্দ্যোপাধ্যায়ের জারি করা নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি করল দেশের শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গ সরকার ধাক্কা খেলো সুপ্রিম কোর্টে। এবার বাংলাতেও দ্যা কেরালা স্টোরি দেখানো যাবে বলে জানিয়ে দিল আদালত।
পশ্চিমবঙ্গের কোনো সিনেমা হলে দ্যা কেরালা স্টোরি প্রদর্শিত হবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের তরফে বলা হয়েছিল, ছবিকে কেন্দ্র করে যে কোনো রকমের অশান্তি এড়াতে এই নির্দেশ দেওয়া হয়েছে। ৮ মে এই নিষেধাজ্ঞা জারি করা হতেই বিতর্কের ঝড় বয়ে যায়।
মমতার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় ছবির নির্মাতারাও। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বলেন, দেশের সব রাজ্যেই দ্যা কেরালা স্টোরির প্রদর্শিত হচ্ছে, কিন্তু অন্য কোথাও থেকে কোনরকম অশান্তির খবর আসেনি। এমনকি বাংলাতে যে তিন দিন ছবিটি চলেছে তাতেও কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। তাই রাজ্য সরকারের নিষেধাজ্ঞায় আদালত আপাতত স্থগিতাদেশ জারি করল।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাওয়াল জবাব চলাকালীন তীব্র সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার। অশান্তির আশঙ্কা থেকেই নিষিদ্ধ করা হয়েছিল দ্যা কেরালা স্টোরি বলে জানিয়েছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চন্দ্রচূড় বলেন, নির্দিষ্ট কোথাও কিছু হলে সেখানে নিষিদ্ধ করা যেতে পারতো। গোটা রাজ্যে কেন? পশ্চিমবঙ্গ সরকারের নিষেধাজ্ঞার নির্দেশে কোনো যৌগিকতা নেই বলেই জানিয়েছে আদালত।
বিচারপতি বলেছেন, ভাবনার ভিত্তিতে মৌলিক অধিকার খারিজ করা যায় না। রাজ্য সরকারের তরফে মহারাষ্ট্রের উদাহরণ টেনে অশান্তির উল্লেখ করা হয়েছিল। সেখানেও যুক্তি খাড়া করা যায়নি, কারণ মহারাষ্ট্রের অশান্তির পরেও সেখানে সিনেমা নিষিদ্ধ করা হয়নি।

