আমাদের ভারত, ১৬ মারর: ’কাশ্মীর ফাইলস’ একটি প্রশংসনীয় সুচিন্তিত প্রচেষ্টা বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।
বুধবার তিনি টুইটারে লিখেছেন, “আমি কাশ্মীর ফাইলস দেখার অপেক্ষায় আছি। প্রশংসনীয় সুচিন্তিত প্রচেষ্টার জন্য সকলেই এটির প্রশংসা করছেন। সেই সময়ের স্থুল বাস্তবতাকে অতিক্রম করে অনেক প্রয়োজনীয় সত্যর উন্মোচন করেছে এটি। এ রকম অন্যান্য ক্ষেত্রেও অনুরূপ আলোকপাত করা উচিত।“
উল্লেখ্য, গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। ১৫ কোটি টাকায় নির্মিত এই ছবিটি মাত্র চার দিনে ৪২ কোটি টাকার ব্যবসা করেছে ভারতীয় বক্স অফিসে। গত শনিবার প্রযোজক অভিষেক অগ্রবাল, পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং অভিনেতা পল্লবী যোশী সহ ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির গোটা টিম দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সাক্ষাৎ পর্বে ছবিটির প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

