আমাদের ভারত, ২০ মার্চ: ইতিমধ্যেই হিজাব মামলার রায় ঘোষণা করেছে কর্ণাটক হাইকোর্ট। কিন্তু এই মামলার রায় দানের পর থেকেই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থিকে। ঘটনা সামনে আসতেই অজ্ঞাত পরিচয় দুস্কৃতিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। প্রধান বিচারপতিসহ তিন বিচারপতিকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
সম্প্রতি হিজাব মামলায় রায় দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। সেই রায় আবেদনকারীদের বিরুদ্ধে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট করে দেওয়া ইউনিফর্ম পড়তে হবে বলেই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে রায়ে। একইসঙ্গে বলা হয়েছে ইসলাম ধর্মাচরণে হিজাব পরা বাধ্যতামূলক নয়। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এক মামলাকারী। কিন্তু এরমধ্যেই একটি হুমকির ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওতে তিন বিচারপতির বিরুদ্ধে হুমকি দিতে দেখা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে ভিডিওটি প্রকাশ্যে আসতেই দুজনকে তামিলনাড়ুতে গ্রেপ্তার করা হয়েছে। কর্ণাটক হাইকোর্টের আইনজীবী উমাপতি এস একটি এফআইআর দায়ের করেছেন। এছাড়াও তিনি হাইকোর্টের রেজিস্টারকে চিঠি দিয়ে সম্পূর্ণ বিষয়টি জানিয়েছেন।
চিঠিতে উমাপতি এস লেখেন, “একটি পরিচিত নম্বর থেকে সকাল পৌনে দশটা নাগাদ হোয়াটসঅ্যাপে ভিডিওটি তিনি পেয়েছেন। সে ভিডিও বার্তা তামিলে পাঠানো হয়েছে। ভিডিওটিতে প্রকাশ্যে কর্নাটকের হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থিকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। হিজাব মামলায় আবেদনকারীদের বিপক্ষের রায় দিতেই এই প্রাণনাশের হুমকি। তিনি আরও জানান, ভিডিওতে ঝাড়খণ্ডের বিচারকের খুনের প্রসঙ্গ টানা হয়েছে।ভিডিওর বক্তা বলেছেন “আমরা জানি বিচারপতি কোথায় হাঁটতে যান” ভিডিও বার্তাটি তামিলনাড়ুর মাদুরাই জেলার কোন এক জনসভায় এই তোলা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে একটি অটোরিকশা ঝাড়খণ্ডের এক বিচারককে পিষে দিয়ে চলে গিয়েছিল। গোটা ঘটনা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ রহস্যজনক মৃত্যুর মামলা শুরু করেছিল। পরে আদালতের নির্দেশে সিবিআই এই মামলার তদন্ত শুরু করে।
তারপরই রবিবার মুখ্যমন্ত্রী বাসব রাজ বোম্মাই বলেছেন, “এই হুমকির ঘটনা গণতন্ত্রের পক্ষে উদ্বেগজনক লক্ষণ। আমাদের নিশ্চিত করতে হবে যাতে এই ধরনের দেশবিরোধী শক্তি কোনভাবেই মাথাচাড়া না দেয়। বিচার বিভাগের কারণেই দেশে আইন-শৃঙ্খলা বজায় রয়েছে”। এরপরই তিনি বিচারপতিদের ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দানের কথাও ঘোষণা করেন।

