আমাদের ভারত, ২৩ আগস্ট: আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তিকে হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ করল বিজেপি। দলের পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য টুইটারে অভিযোগ করেছেন, অনুব্রতকে জামিন না দিলে বিচারকের পুরো পরিবারকে ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে।
অমিতবাবু লিখেছেন, “আসানসোলের সিবিআই বিচারক হুমকি চিঠি পেয়েছেন। তাঁকে অপরাধী অনুব্রত মন্ডলকে জামিন দিতে বলা হয়েছে। তা না হলে তাঁর পুরো পরিবারকে মাদক-নিয়ন্ত্রণ (এনডিপিএস) মামলায় ফাঁসানো হবে। জেলা জজ ও হাইকোর্টে রিট করেছেন বিচারপতি। গ্রেফতারের পরও মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে রক্ষা করছেন।”

এই সঙ্গে অমিতবাবু একটি চিঠি যুক্ত করেছেন। তাতে বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তি পশ্চিম বর্ধমানের জেলা জজকে লিখেছেন, অত্যন্ত উদ্বেগের সাথে, আমি এতদ্বারা এই আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সম্বোধন করে একজন বাপ্পা চ্যাটার্জির একটি চিঠি আপনার কাছে প্রেরণ করছি। এতে হুমকি দেওয়া হয়েছে যে যদি অনুব্রত মন্ডলকে মুক্তি দেওয়া না হয় তবে আমার পরিবারের সদস্যদের বাণিজ্যিক পরিমাণের সাথে এনডিপিএস মামলায় জড়ানো হবে। সে জন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি যে ঘটনাটি নথিবদ্ধ করুন এবং কলকাতা হাইকোর্টে আপিলের পক্ষে (বিচার পরিষেবা) রেজিস্ট্রারের কাছে প্রেরণ করুন।

