কালিয়াগঞ্জ কান্ডে ধৃতদের নয় জনকে আট দিনের পুলিশ হেফাজত এবং বাকি ২৩ জনকে ১৪ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ এপ্রিল: কালিয়াগঞ্জ কান্ডে ধৃত ৩২ জনকে বুধবার রায়গঞ্জ আদালতে হাজির করানো হলে বিচারক নয় জনকে আট দিনের পুলিশি হেফাজতের এবং বাকি ২৩ জনকে ১৪ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কালিয়াগঞ্জ থানার তদন্তকারী অফিসার ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে কিশোরী হত্যার প্রতিবাদে রাজবংশী তপশিলি এবং আদিবাসী সমন্বয় কমিটির পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় স্মারকলিপি দেবার কথা ছিল। মিছিল করে থানার সামনে আসতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধার প্রতিবাদে পাল্টা ইটপাটকেল ছোড়ে। পুলিশ জলকামান, কাঁদানে গ্যাসের সেল ফাঁটিয়ে ছত্রভঙ্গ করতে চাইলেও আন্দোলনকারীরা পিছু হঠেনি। আন্দোলনকারীরা পুলিশকে মারধর করা ছাড়াও থানায় ঢুকে পুলিশ সিজ করা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও পুলিশ কোয়াটারে অগ্নিসংযোগ ঘটানো হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ থানা চত্বর রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পর পুলিশ অভিযুক্তদের ধরপাকর শুরু করে। পুলিশ মোট ৩২জনকে গ্রেফতার করেছিল।ধৃতদের বুধবার রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক নয়জনকে আট দিনের পুলিশি হেফাজত এবং বাকি ২৩ জনকে ১৪ দিনের জেল হাজতে পাঠাবার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *