পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ আগস্ট: জাল নোট কারবারের ঘটনায় এই প্রথম ঝাড়গ্রাম আদালতে সাজা ঘোষণা হলো। জাল নোট কারবারের ঘটনায় ঝাড়গ্রামের এডিজে-১ আদালত বাবাই বিশ্বাস নামে ২৯ বছরের এক যুবককে ৬ বছর সাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও তিন মাস জেলের নির্দেশ দিয়েছেন বিচারক।
জানা গিয়েছে, ২০২২ সালের ১১ আগস্ট ঝাড়গ্রাম থানার অন্তর্গত জিতুশোল এলাকায় ঝাড়গ্রাম শহরের সত্যবানপল্লীর বাসিন্দা বাবাই বিশ্বাসকে জাল নোট সহ গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। তার কাছ থেকে ২ হাজার টাকার ১৬টি জাল নোট, মোট ৩২ হাজার টাকা উদ্ধার হয়। বাবাই বিশ্বাসের বিরুদ্ধে ঝাড়গ্রাম থানার পুলিশ ৪৮৯(বি) এবং ৪৮৯(সি) ধারায় মামলা রুজু করে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে বিচারকদের হেফাজতের নির্দেশ দেন। এই মামলায় ৭জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত বাবাই বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে। আজ ঝাড়গ্রাম এডিজে-১ আদালতের বিচারক বাবাই বিশ্বাসের সাজা ঘোষণা করেন।
সরকারি আইনজীবী কৌশিক সিংহা বলেন, “জাল নোট কারবারের ঘটনায় দোষী সাব্যস্ত বাবাই বিশ্বাসকে মহামান্য এডিজে-১ আদালত ৬ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। তার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে ৩ মাসের জেলের নির্দেশ দিয়েছেন”।
ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিত সিনহা বলেন, “জাল টাকা কারবারের মামলায় ঝাড়গ্রাম জেলায় এটাই প্রথম সাজা ঘোষণা হল। আমরা ১০ মাসের মধ্যেই এই কেসের ট্রাইল কমপ্লিট করতে পেরেছি এবং সাক্ষরাও যাতে নির্ভয়ে সাক্ষী দিতে পারে তারও ব্যবস্থা ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে করা হয়। সেই জন্যেই আমরা এই ফলাফলটা আজ পেয়েছি। আগামী দিনে যে কোনো গুরুত্বপূর্ণ মামলাতেই আমরা এই ভাবে এগোতে চাই”।

