অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ ডিসেম্বর: রাজ্য সরকারের নির্দেশ মতো পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের সহযোগীতায় গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে শুরু হল জঙ্গলমহল উৎসব ২০২১। সোমবার ব্লকের সভা গৃহে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি দানগি সরেন সহ ব্লক প্রশাসনের কর্মকর্তারা। জঙ্গলমহল উৎসব উপলক্ষ্যে এদিন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিভিন্ন আদিবাসী সংগঠন তাদের সংস্কৃতির দিকগুলো তুলে ধরেন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে ব্লক প্রশাসনের আধিকারিকরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে জঙ্গলমহল উৎসবের শুভেচ্ছা জানান। সঙ্গে ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র, উপস্থিত সবাইকে করোনা ভ্যাকসিন গ্রহণের ব্যাপারে সচেতন করেন। তিনি বলেন, আপনারা যেমন সঠিক সময়ে ভ্যাকসিন নেবেন সঙ্গে আপনার প্রতিবেশী যারা এখনো ভ্যাকসিন নিতে অবহেলা করছেন তাদের করোনা টিকা নেওয়ার জন্য উৎসাহিত করবেন। সঙ্গে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের কৃষি আধিকারিক অভিজ্ঞান দাস, ব্লকের কৃষি দফতরে কৃষকদের সুবিধা সমূহের বিষয়ে আলোকপাত করেন।


