রাজ্যজুড়ে দুনীতির অভিযোগ, জলপাইগুড়িতে আন্দোলন এসইউসিআই’য়ের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ জানুয়ারি: রাজ্যজুড়ে দুনীতির প্রতিবাদ সহ একাধিক দাবি তুলে রাজ্যের সব জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও আন্দোলনে নামলো এসইউসিআই নেতা কর্মীরা। কোথাও মহকুমাশাসক দফতর, আবার কোথাও বিডিও অফিসে চলছে বিক্ষোভ। বৃহস্পতিবার জলপাইগুড়ির মহকুমা শাসকের দফতর অভিযানে সামিল হলেন এসইউসিআই নেতা কর্মীরা। সমাজ পাড়ায় জমায়েত হয়ে শহরজুড়ে বিক্ষোভ মিছিলের পর সদর মহকুমাশাসকের দফতরে হাজির হয় বিক্ষোভ মিছিলটি। যদিও মহকুমাশাসকের দফতরে ঢোকার আগেই পুলিশ আন্দোলনকারীদের ব্যারিকেড করে আটকে দেয়। এরপর সেখানে আন্দোলনকারীরা বিক্ষোভ অবস্থানে সামিল হয়।

আন্দোলনকারীদের দাবি, রাজ্যজুড়ে দুর্নীতি হচ্ছে। বিদ্যুৎ সংযোগ রয়েছে এরকম সকলের বাড়ি বাড়ি স্মার্ট মিটার চালু করার সিদ্ধান্ত হচ্ছে, এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যদিকে ২৯ জুলাই ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির রাজ্য সরকার বিরোধিতা করেছিল, কিন্তু এখন সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে দ্রুত বন্ধ করতে হবে। সার নিয়ে কালোবাজারি বন্ধ করার দাবি তুলে মহকুমাশাসকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এদিনের আন্দোলনে সামিল হয়েছিলেন এসইউসিআই নেতা হরিভক্ত সর্দার, জয়কান্ত কর্মকার, ইপান সরকার, প্রলিন্দ্রনাথ রায়, জীবন সরকার সহ অনেকে।

এসইউসিআই লোকাল কমিটির সম্পাদক মনোতোষ প্রামাণিক বলেন, “রাজ্য সরকারের দুর্নীতি সহ একাধিক দাবি তুলে ধরা হয়েছে। এ দিনের আন্দোলনের পর ৬ মার্চ কলকাতায় আন্দোলন হবে সব জেলাকে নিয়ে। তবে আমরা অবাক হয়ে যাই পুলিশের ভূমিকা নিয়ে। এই ভূমিকা যদি পুলিশ আগে দেখাতো তাহলে হয়ত আজ আমাদের এখানে আসতে হতো না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *