‘বর্বরোচিত আক্রমণের’ তীব্র নিন্দা করল যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

আমাদের ভারত, কলকাতা, ২১ অক্টোবর: সল্টলেকে আন্দোলনকারীদের ওপর ‘বর্বরোচিত আক্রমণের’ তীব্র নিন্দা করল যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শুক্রবার সংগঠনের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায়এক বিবৃতিতে জানান, “আপনারা সকলেই জানেন যে ২০১৪ সালের টেট উত্তীর্ণ হাজার হাজার হবু শিক্ষক-শিক্ষিকারা তাদের ন্যায়সঙ্গত দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। বিশেষ করে মেধাতালিকা ছাড়াই যেখানে নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগে লক্ষ লক্ষ টাকার লেনদেনের দুর্নীতি আজ প্রমাণিত, সেখানে প্রতিবাদী হওয়াটাই ন্যায়ের। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মামলা- মোকদ্দমার সঙ্গেই সরকারি স্তরে মন্ত্রী,পর্ষদ সভাপতি সবার সঙ্গে তাঁরা বারংবার কথা বলেছেন। সরকারের তরফে একেক বার একেক রকম কথা বলা হয়েছে। তবু আসল কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে নিজের ছোট কোলের শিশুটিকে নিয়েও অনেক মা- বাবা পথে নেমেছেন।

আটবছর অপেক্ষার পর এঁদের অনেকেরই চাকরির নির্ধারিত বয়সের সীমা পেরিয়ে গেছে। অনেক অনেক লাঞ্ছনা এবং অন্যায় নিয়েই তারা রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন। কিন্তু সরকার তাদের সঙ্গে আলোচনা ও মীমাংসার পরিবর্তে বেছে নিল দমন – পীড়নের রাস্তা। গভীর রাতে অনশনরত আন্দোলনকারীদের উপর নামিয়ে আনা হল সশস্ত্র পুলিশি অত্যাচার।নির্বিচারে চলল লাঠি।

আন্দোলনকারী বেশ কয়েকজন নেতৃত্বস্থানীয়দের এখনো কোনও হদিস পাওয়া যাচ্ছে না। নিকটবর্তী কোনও থানায় তাদের খোঁজ পাওয়া যায়নি। আমরা এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করছি।এই আন্দোলনের দাবির প্রতি সংহতি জানিয়ে আমরা তাদের সঙ্গে ছিলাম,আছি এবং থাকব। একইসঙ্গে সমাজের সবার কাছে অনুরোধ,অন্তত আপনার সন্তান – সন্ততির ভবিষ্যতের কথা ভেবে আর নিশ্চুপ থাকবেন না। এই আন্দোলনের সঙ্গে থেকে মেধার ভিত্তিতে চাকরির ভবিষ্যত নিশ্চিত করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *