স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ ফেব্রুয়ারি: “পশ্চিমবঙ্গ রাজ্য দুর্নীতির আঁতড়ঘর হয়ে উঠেছে, মানুষের দাবি ছিল তদন্তের, বিচারের। তদন্তের যে প্রয়োজন ছিল সেটাই এখন শুরু হয়েছে।” তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাঁর স্ত্রীকে জেরা করতে চেয়ে সিবিআই এর নোটিস দেওয়া প্রসঙ্গে আজ রায়গঞ্জে এমনই মন্তব্য করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জেরা করার জন্য নোটিস পাঠিয়েছে, সেই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, কেউই ধোওয়া তুলসীপাতা নয়, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে বিপুল পরিমাণ সোনা সহ আটক করা হয়েছিল। বহুদিন ধরেই এরা সিবিআইয়ের নজরে ছিল। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, আর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। এখন অভিষেকের ব্যাপারে কি উদ্যোগ নেন সেটাই দেখার বিষয়৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গে কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার কে করছে তা রাজ্যের বাচ্চারাও জানে। স্বাভাবিকভাবেই সিবিআই সেই অভিমুখেই তদন্ত এগোচ্ছে।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কি এটা খেলা শুরু হল এ প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, খেলা কিছু নয়, রাজ্যের মানুষের দাবি ছিল দুর্নীতিমুক্ত করা সেই কাজই শুরু হয়েছে।

