অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ অক্টোবর: বই মানুষের জ্ঞান বিজ্ঞানের আলোকে বিকশিত করে। কিন্তু দিনের পর দিন আধুনিক সমাজ বই বিমুখ হয়ে পড়ছে। তাই নব প্রজন্মকে বইয়ের পাতায় ফিরিয়ে আনার জন্য গোপীবল্লভপুরে আগামী দিনে বই মেলা করার প্রাথমিক উদ্যোগ সারলেন এলাকার সাহিত্য প্রেমী ও সংস্কৃতি মনষ্ক মানুষজন।

আগামী ডিসেম্বর মাসে গোপীবল্লভপুরের বুকে বই মেলা করার লক্ষ্যে উদ্যোগী বিশিষ্ট ব্যক্তিদের একটি প্রাথমিক সভা হল বর্গিডাঙ্গা ফুটবল মাঠ সংলগ্ন একটি ঘরে। বিশিষ্ট কবি সাহিত্যিক ও বই প্রেমী মানুষজন একত্রিত হয়ে আলোচনা করেন কি কি উদ্যোগ গ্রহণ করলে গোপীবল্লভপুরের বুকে প্রথম বই মেলা করা যায়।সেই মতো আজকের বৈঠক থেকে আগামী ডিসেম্বর মাসে বই মেলা করার লক্ষ্য ধার্য করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে শিক্ষক সন্দিপন দাস বলেন, বই বিমুখ যুব সমাজকে বইয়ের পাতায় ফিরিয়ে আনার জন্য বই মেলার কথা ভাবা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসে হবে গোপীবল্লভপুরের বুকে প্রথম বই মেলা।

