সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ নভেম্বর: সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাফল্যে খড়্গপুর ইঞ্জিনিয়ারিং কলেজে সুযোগ পাওয়া ফেরিওয়ালার ছেলে ছোটন কর্মকারকে সম্বর্ধনার পাশাপাশি তার শিক্ষার খরচ চালানোর জন্য শিক্ষালোনের উদ্যোগ নিলেন খোদ জেলাশাসক এস রাধিকা আইয়ার। আজ সকালে জেলাশাসক তার নিজ দপ্তরে ছোটনকে সম্বর্ধনা জানান। ভর্তির জন্য খড়্গপুরে থাকায় ছোটনের পরিবর্তে তার ফেরিওয়ালা পিতা কানাই কর্মকার তা গ্ৰহণ করেন। ছোটনের উজ্বল ভবিষ্যৎ কামনা করে তার জন্য জেলাশাসক, কানাই বাবুর হাতে তুলে দেন একটি নামী কোম্পানির ট্যাব ও স্মার্ট ওয়াচ। এছাড়াও তার শিক্ষা খাতে খরচের জন্য আইসিআইসিআই ব্যাঙ্কের মাধ্যমে শিক্ষা লোন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
উল্লেখ্য, বাঁকুড়া জেলার শালতোড়ার পাবড়া গ্ৰামের বাসিন্দা পেশায় ফেরিওয়ালা কানাই কর্মকারের ছোট ছেলে ছোটন এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সাফল্য লাভ করে খড়্গপুর আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে। ইতিমধ্যেই এলাকার এক শিক্ষক তার উচ্চ শিক্ষায় ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা দিয়ে সাহায্য করেন।
খবর পেয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার তাকে দশহাজার টাকার চেক প্রদান করেন এবং খড়্গপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষের কাছে ফি মকুবের আবেদন জানানোর আশ্বাস দিয়েছেন।

