কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: রক্তাক্ত অবস্থায় রাস্তায় এক যুবকের পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার সকালে ঘাটালের লক্ষ্মণপুরে রাজ্য সড়কের পাশে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভোরবেলায় স্থানীয় মানুষজন প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে দেখেন রক্ত এবং কাদামাখা অবস্থায় ঢলগড়া বাসস্টপ থেকে কিছুটা দূরে ছটফট করছে ঐ যুবক। তার কান ও মাথার পাশ দিয়ে রক্ত ঝড়ে পড়ছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান কেউ বা কারা অন্য কোথাও মারধর করে তাকে এখানে ফেলে রেখে পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ঘাটাল থানায় খবর দেওয়া হলে ঘাটাল থানার পুলিশ পৌঁছে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জানাগেছে, যুবকটির বাড়ি ঘাটাল পৌরসভার ২ নং ওয়ার্ডের আড়গোড়ায়। নাম রাকেশ বেরা। পিতা উত্তম বেরা। তবে কে বা কারা এই ঘটনা ঘটালো তার তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ।

