TMC, Bankura, বাঁকুড়ায় তৃণমূলের প্রার্থী তালিকায় দলবদলু ও নবাগতদের গুরুত্ব

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ মার্চ: দলের বিজয়ী প্রার্থীদের উপরে ভরসা না রেখে নবাগতদের প্রাধান্য দিল তৃণমূল নেতৃত্ব। সেই সঙ্গে গত ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হওয়ার পর এবং টিকিট না পেয়ে দলবদলুদের গুরুত্ব দিয়েছে শাসক দল তৃণমূল। বাঁকুড়া জেলার ১২টি আসনের মধ্যে ৯টিতেই এবার নতুন মুখ তৃণমূলের। এদের মধ্যে আবার তিন জন প্রার্থী তালিকা ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগে তৃণমূলে যোগ দিয়েছেন। বিষ্ণুপুর, কোতুলপুর ও তালড্যাংরার বর্তমান বিধায়করা টিকিট পেয়েছেন। ফাল্গুনী সিংহবাবুকে ফের তালডাংরা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে।গত ২০২৪- এর উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন ফাল্গুনীবাবু।

গত মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘন্টা আগে তৃণমূলে যোগ দেন কলকাতার হেরম্বচন্দ্র কলেজের বাংলার অধ্যাপক তনুশ্রী হাঁসদা, পরিবহণ ব্যবসায়ী গৌতম মিশ্র ও চক্ষু বিশেষজ্ঞ অনুপ মণ্ডল। এদের যথাক্রমে রানীবাঁধ, বড়জোড়া ও বাঁকুড়া কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, রানীবাঁধ ও বড়জোড়া কেন্দ্রে গত নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল প্রার্থীরা। এবার তাদের টিকিট দেয়নি শাসক দল। গত ২০১৬-তে রানিবাঁধ কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে প্রথম বার বিধায়ক হন জ্যোৎস্না মান্ডি। গত ২০২১-এ দ্বিতীয়বার জিতে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রীর ও দায়িত্ব পান। এ বার তাঁকে সরিয়ে তনুশ্রী হাঁসদাকে প্রার্থী করেছে শাসক দল।

অন্যদিকে বড়জোড়ায় বর্তমান বিধায়ক অলোক মুখোপাধ্যায়কে সরিয়ে পরিবহণ ব্যবসায়ী গৌতম মিশ্রকে প্রার্থী করেছে শাসক দল তৃণমূল। গত ২০২১- এ ভোটের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন গৌতমবাবু। তবে বিজেপির টিকিট না পেয়ে তিনি দল এমনকি রাজনীতিই ছেড়েছিলেন। তাই এবার প্রার্থী পদ সুনিশ্চিত করে তৃণমূলে যোগ দেন গৌতমবাবু বলে অনেকের দাবি। অন্যদিকে এবার চক্ষু বিশেষজ্ঞ অনুপ মণ্ডলকে বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। গত নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছিল অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে।এদিকে গত ২০২১- এ জেলার ১২টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল রানিবাঁধ, বড়জোড়া, তালড্যাংরা ও রাইপুরে। গত ২০২১- এ রাইপুর কেন্দ্রে মৃত্যুঞ্জয় মুর্মু জয়ী হয়েছিলেন। এবার প্রার্থা করা হয়েছে ঠাকুর মণি সোরনকে।

এদিকে অন্য দুই দলবদলু হরকালী প্রতিহারকে কোতুলপুরে ও তন্ময় ঘোষকে বিষ্ণুপুরে এবার প্রার্থী করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। এই দু’জন গত ২০২১- এর ভোটে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। পরে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তারই প্রতিদান হিসাবে এই দু’জনকে প্রার্থী করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে শালতোড়া কেন্দ্রে প্রত্যাশা মতই বাউড়ি সম্প্রদায়ের একজনকে প্রার্থী করা হয়েছে। এবার তৃণমূলের প্রার্থী উত্তম বাউড়ি। বিজেপি বিধায়ক চন্দনা বাউরির প্রতিদ্বন্দ্বী হিসাবে বাউরি সম্প্রদায়ের একজনকে প্রার্থী করার দাবি জানিয়ে আসছিল তৃণমূলের শাখা সংগঠন বাউরি সমাজের পক্ষ থেকে। বাকি চার বিধানসভা কেন্দ্র ছাতনা, ওন্দা, ইন্দাস ও সোনামুখীতে প্রার্থী যথাক্রমে স্বপন কুমার মণ্ডল, সুব্রত দত্ত (গোপে), শ্যামলী রায় বাগদি ও ডা: কল্লোল সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *