কলঙ্কিত হচ্ছে রাজ্যের ভাবমূর্তি, রাজনৈতিক সন্ত্রাস নিয়ে তৃণমূল সরকারকে তোপ রাজ্যপালের

আমাদের ভারত, ১০ মে: রানী রাসমণি এভিনিউয়ের ধর্না মঞ্চ থেকে প্রতিবাদ জানানোর পর ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবার পরিজনদের নিয়ে মিছিল করে রাজভবনে যান বিজেপি নেতারা। সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করে তার হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা। বিজেপি নেতাদের পাশে নিয়েই এই বিষয়ে রাজ্যকে তোপ দাগেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে ওঠার পরামর্শ দেন জগদীপ ধনকর।

একুশের বিধানসভা ভোটের পর রাজনৈতিক হিংসার ফলে মৃত্যু হয়েছে বিজেপির বহু কর্মী-সমর্থকদের বলে সরব পদ্ম শিবির। এই সব মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই। রাজ্যপাল জগদীপ ধনকর টুইটে জানিয়েছেন, ভোট-পরবর্তী হিংসায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। তার সঙ্গে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অনেকেই।

এরপর মঙ্গলবার বিকেলে বিজেপি নেতারা রাজভবনে যান। সেখানে রাজ্যপালের হাতে স্মারক লিপি তুলে দেন। তারপরই রাজ্যপাল তীব্রভাবে আক্রমণ করেন রাজ্য সরকারকে। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনা প্রবাহে রাজ্যের ভাবমূর্তি কলঙ্কিত হচ্ছে। রামপুরহাটের বগটুই প্রসঙ্গ তুলে তিনি বলেন, রামপুরহাটের ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যেই ক্ষতিগ্রস্তদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হল। কিন্তু রাজ্যের অন্যান্য প্রান্তে আক্রান্তরা কোনো সাহায্য পাচ্ছেন না। তিনি বলেন, রাজ্য সরকারকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। পশ্চিমবঙ্গে ভেদাভেদের রাজনীতি চলছে বলেও অভিযোগ করেন জগদীপ ধনকর।

এদিন ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। মৃতদের পরিবার বিচার পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এবিষয়ে রাজ্যপাল নিজে হস্তক্ষেপ করবেন বলেও জানিয়েছেন তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *