আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ এপ্রিল: পলতার জহর কলোনিতে এক মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ওই এলাকায়। মৃতার নাম অঞ্জনা দেবী।
সূত্রের খবর, ১৫ দিন আগে এই জহর কলোনির বাসিন্দা বিজন ভট্টাচার্যের বাড়িতে ভাড়া আসেন মৃতা অঞ্জনা দেবী ও তার পরিবার। মৃতার স্বামী কমল লাল এয়ারফোর্সের সার্জেন্ট পদে কর্মরত। তাই তারা ১৫ দিন আগেই পলতায় বাড়ি ভাড়া নিতে নতুন এখানে আসেন। এদিন বিকেলে মৃতার স্বামী তাদের দুই কন্যা সন্তানকে নিয়ে পার্কে ঘুরতে গেছিল আর সন্ধ্যায় এসে দেখে গলার নলি কাটা অবস্থায় বিছানায় পড়ে রয়েছে তার স্ত্রীর রক্তাক্ত মৃত দেহ।

ঘটনার খবর পুলিশকে দেওয়া হলে ঘটনা স্থলে আসে নোয়াপাড়া থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে অঞ্জনা দেবীকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

