আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৫ অক্টোবর: ঋণ পরিশোধের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী এক গৃহবধূ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে সাগরদীঘি থানার অন্তর্গত সাহাপুর-বারালা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম লালবানু বিবি (৪৮)।
পরিবারের অভিযোগ লালবানু বিবি একটি বেসরকারি ব্যাঙ্কের কাছ থেকে লোন নিয়েছিলেন। সেই লোন পরিশোধের জন্য চাপ দেয় বেসরকারি ব্যাঙ্ক বন্ধনের কর্মীরা। লকডাউনে লালবানু বিবির স্বামী নাজেমুল সেখ কর্মহীন হয়ে পড়েন। স্বামীর রোজগার না থাকায় সেই লোন পরিশোধ করতে পারেনি তিনি বলে অভিযোগ। কয়েকদিন থেকে লোন পরিশোধের জন্য আরও চাপ দিতে থাকে ব্যাঙ্কের কর্মীরা। এই নিয়ে লালবানুর সঙ্গে বচসাও হয় বলে অভিযোগ। আর তারই অবসাদে বুধবার রাতে কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মঘাতী হয় ওই গৃহবধূ। ঘটনার খবর পেয়ে সাগরদীঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

