ছেলেকে মারধরের অভিযোগ থানায় জানাতেই জ্বালিয়ে দেওয়া হল বাড়ি ঘর, প্রাণে মারার হুমকি অভিযুক্তদের বিরুদ্ধে, জলপাইগুড়িতে আতঙ্কে ওই পরিবার

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ এপ্রিল: ছেলেকে মারধর করার অভিযোগ থানায় জানাতেই বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল অভিযুক্তদের বিরুদ্ধে। সঙ্গে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার নিরাপত্তার দাবি তুলে সন্তানদের সঙ্গে নিয়ে জলপাইগুড়ির কোতোয়ালি থানার দ্বারস্থ হল ক্ষতিগ্রস্ত পরিবার। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে।

জলপাইগুড়ি সদর ব্লকের কোনপাকড়ির সর্দার পাড়ার বাসিন্দা ঘটনা। গ্রামের বাসিন্দা মঞ্জু খাতুন তাঁর স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করেন। ঘটনার সূত্রপাত ১ এপ্রিল। গ্রামের এক যুবক বিয়ে করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন, সেই বাড়িতে গ্রামের সকলে যায় সঙ্গে মঞ্জু খাতুনের দুই সন্তানও যায়। কেন ওই বাড়িতে মঞ্জুর দুই সন্তান গেছে? এই নিয়ে দু’জনকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তের দাবি তুলে ১ এপ্রিল থানার দ্বারস্থ হয়েছিলেন মঞ্জু। অভিযোগ, তারপর থেকে মঞ্জুর পরিবারকে হুমকি দেওয়া হয়। সোমবার সকালে প্রতিবেশী পরিবারের কয়েকজন দুষ্কৃতী একজোট হয়ে মঞ্জুর বাড়িতে হামলা চালায়। বাড়িঘর ভাঙ্গচুর করে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ।

এদিন মঞ্জু থানায় অভিযোগ জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “থানায় জানানোর পরেই আরও ক্ষোভ বাড়ে আমার পরিবারের উপর। আমার চোখের সামনে বাড়িতে আগুন জ্বালিয়ে টাকা, সোনা লুট করে পালিয়ে যায় পড়শিরা। আমার সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে হাত পুড়ে যায়। এখন থানায় এসে অভিযোগ জানালান। আমার স্বামী দিন মজুরের কাজ করেন।” পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতের তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *