আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৪ সেপ্টেম্বর: গঙ্গার ভয়াবহ আগ্রাসী রূপে একে একে তলিয়ে যাচ্ছে বাড়িঘর, কৃষিজমি। আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন আরো শত শত পরিবার। রবিবার সন্ধ্যায় ফের গঙ্গা ভাঙ্গনের কবলে পড়লো সামসেরগঞ্জের ধুসরীপাড়া। লাগাতার গঙ্গার ভাঙ্গনে নিজ ভিটেমাটি টুকু হারিয়ে হঠাতই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক প্রৌঢ়। ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। মৃত ওই প্রৌঢ়ের নাম কিশোরী সিংহ(৬০)।
জানা গিয়েছে, গতকাল সামসেরগঞ্জের ধুসরীপাড়া এলাকায় সন্ধ্যার পর প্রায় ২০ বিঘারও বেশি চাষযোগ্য জমি গঙ্গা গর্ভে বিলীন হয়ে যায়। তলিয়ে যায় প্রায় ২০টিরও বেশি বাড়ি। তারই মাঝে ছিল কিশোরী সিংহের বাড়িও। গঙ্গা গর্ভে নিজের সম্পূর্ণ বাড়িটি তলিয়ে যাওয়ায় হঠাতই অসুস্থ হয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওই ব্যক্তি। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

