বিজেপি বিধায়কের উদ্যোগে এবং পুলিশের সহযোগিতায় কল্যাণীর ঘরছাড়া কর্মীরা বাড়ি ফিরল

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৭ জুন:
নির্বাচনের পর ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরাল বিজেপি। বিজেপি বিধায়কের উদ্যোগে ঘরে ফিরলেন ঘরছাড়া বিজেপি কর্মীরা। গতকাল কল্যাণীর ৩৫জন বিজেপি কর্মীকে ঘরে ফেরালেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তারা ভোট পরবর্তী শাসক দলের সন্ত্রাসে বিভিন্ন এলাকায় এতদিন ধরে পালিয়ে বেড়িয়েছেন। পুলিশ ও বিধায়কের সহযোগিতায় গতকাল তারা বিজেপি বিধায়কের বাড়িতে আশ্রয় নেন। বৃহস্পতিবার তাদের পুলিশি নিরাপত্তায় বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

নির্বাচনের পর বিভিন্ন এলাকায় সন্ত্রাসের অভিযোগ ওঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের মারধর সহ বাড়ি জ্বালিয়ে দেওয়ার মতন গুরুতর অভিযোগ ওঠে। অনেকে অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যায়। কল্যাণীতেও নির্বাচনের পর শাসকদলের অত্যাচার সহ্য করতে না পেরে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল ৩৫ জন বিজেপি কর্মী সমর্থক।

সম্প্রতি নির্বাচনের পরবর্তী সন্ত্রাসের অভিযোগে শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করান রাজ্যপাল। শাসকদলের বিরুদ্ধে ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে দেশের শীর্ষ আদালতেও মামলা চলছে। এই পরিস্থিতিতে কোথাও কোথাও শাসক দলই বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে উদ্যোগী হয়। কল্যাণীর বিজেপি কর্মীরাও এর ব্যতিক্রম নয়।
বিধানসভা নির্বাচনের পর থেকেই ঘরছাড়া ছিল বিজেপি কর্মীরা। আর তাদেরকেই কল্যাণী থানার পুলিশ এবং বিধায়কের তৎপরতায় বাড়ি ফেরানো শুরু হলো। বেশ কিছু দিন আগে বিজেপি বিধায়ক অম্বিকা রায় বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর দাবিতে কল্যাণী থানায় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলেন। সেই সময় কল্যাণী থানা থেকে আশ্বাস দেওয়া হয় ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরানো এবং নিরাপত্তা দেবে পুলিশ।

গতকাল কল্যাণী থানার উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে ৩৫ জন বিজেপি কর্মীদের ফিরিয়ে নিয়ে আসা হয় এবং তাদের বিজেপির বিধায়কের বাড়িতে সাময়িকভাবে রাখা হয়। বৃহস্পতিবার এই ঘরছাড়া বিজেপি কর্মীদের পৌঁছে দেওয়া হবে বাড়িতে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থাও করবে কল্যাণী থানার পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *