আমাদের ভারত, ব্যারাকপুর, ৯ ফেব্রুয়ারি: মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্মারকলিপি দিল হিন্দু জাগরণ মঞ্চ। ব্যারাকপুরের পুলিশ কমিশনারের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। শ্রীরাম এবং সীতা সম্পর্কে দুই তৃণমূল নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এই স্মারকলিপি দেওয়া হয়। তাদের বক্তব্য, এতে আইনশৃঙ্খলার বিঘ্ন হতে পারে।
নবনিযুক্ত ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় নন্দাকে আজ স্মারকলিপি দিল হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলা কমিটি। তাঁদের বক্তব্য, তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের মতো রাজনৈতিক নেতৃত্ব শ্রীরামচন্দ্র ও মাতা সীতা সম্পর্কে আপত্তিকর এবং কুরুচিকর মন্তব্য করছেন, এতে হিন্দু মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। এজন্য ব্যারাকপুর অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে এবং আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ব্যারাকপুরের আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে চাইছে তাদের প্রতি প্রশাসন কড়া পদক্ষেপ নিক বলে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
এছাড়া বিভিন্ন হিন্দু ধর্মীয় অনুষ্ঠান তথা বাংলার মনীষীদের জন্মজয়ন্তী উদযাপনের ক্ষেত্রে হিন্দু জাগরণ মঞ্চের বিভিন্ন কার্য কর্তাদের পুলিশি বাধা ও কেস দেওয়ার প্রতিবাদও জানানো হয়েছে ডেপুটেশনে।

উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণ বঙ্গ প্রান্ত প্রাক্তন সংগঠন সম্পাদক অধ্যাপক উত্তম অধিকারী, জেলা সহ সভাপতি সতীশ সিং, জেলা সম্পাদক রোহিত সাউ, জেলা বীরাঙ্গনা প্রমুখ সুপর্ণা চক্রবর্তী এবং বিভিন্ন নগরের কার্যকর্তারা।

