আমাদের ভারত, কলকাতা, ৩ মে: বিজেপির বুথ সভাপতির মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের ময়নাতদন্তের ওপর ভরসা নেই বলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি নেতার পরিবার। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। তমলুক থেকে কলকাতায় আনা হচ্ছে দেহ। বুধবার বিকেল চারটের পর কমান্ডো হাসপাতালে ময়না তদন্ত হবে।
হাইকোর্ট নির্দেশ দিয়েছে ময়না তদন্তের ভিডিওগ্রাফি করতে হবে। রাজ্যের দুজন ফরেনসিক বিশেষজ্ঞ সেখানে থাকতে পারে। রিপোর্ট থানা ও পরিবার উভয়কেই দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী চার সপ্তাহ মোতায়েন করার নির্দেশ দিয়েছে আদালত।
আদালতের নির্দেশের পর বিজয় কৃষ্ণ ভুঁইয়ার স্ত্রী বলেন, “কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়ায় আমি খুশি। রাজ্য পুলিশের কাজে আমি খুশি নই। পুলিশকে পায়ে ধরে আমি বলেছিলাম আমার স্বামীকে বাঁচান। আমার ছেলেও বলেছে বাবাকে বাঁচাতে কিন্তু পুলিশ কিছু করেনি কোনও অভিযোগ নেয়নি।”
এদিকে আগামী সোমবার আদালত রাজ্যকে এই মামলার রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে।
পূর্ব মেদনীপুরে ময়নায় বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠেছে। নিহতের নাম বিজয় কৃষ্ণ ভুঁইয়া। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে উত্তপ্ত হয়েছে ময়না। বুধবার বিজেপির ডাকে সেখানে বনধ চলছে। মামলাকারীদের আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় আদালতে দাবী করেছেন, এক বছরে ওই এলাকায় ১০০ টির বেশি মামলা দায়ের হয়েছে, এরা প্রত্যেকেই বিজেপি সমর্থক বলে উল্লেখ করেন তিনি। আইনজীবীর দাবি, পুলিশ অপরাধীদের নিরাপত্তা দিচ্ছে। ময়না থানাতেও অভিযোগ নেওয়া হয়নি।
দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশে খুশি বিজেপি নেতৃত্ব। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আরো একবার আদালতে ধাক্কা খেল রাজ্য। এই নির্দেশের ফলে অপরাধীদের ধরতে সুবিধা হবে। পুলিশ তার কর্তব্য পালন করতে পারেনি। পুলিশ সুপারকে অপসারিত করা উচিত বলে দাবি করেছেন তিনি। আদালতে মৃত বিজেপি নেতার দিদি বলেন, আমাদের রাজ্য পুলিশের উপর কোনও ভরসা নেই। ওদের সামনে সব কিছু হয়েছে তারপরে ওরা কোনও ব্যবস্থা নেয়নি।

