নন্দীগ্রাম মামলায় শুভেন্দুকে নোটিস, নথি সংরক্ষণের নির্দেশ দিল হাইকোর্ট

রাজেন রায়, কলকাতা, ১৪ জুলাই: নন্দীগ্রাম মামলায় নোটিশ ইস্যুর জন্য আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনের ভিত্তিতে নোটিস ইস্যু করল কলকাতা হাইকোর্ট। যেহেতু এই মামলার মূল প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী, তাই, তাঁকে একটি নোটিস দেওয়া হবে। এ ছাড়া গণনাকেন্দ্রে যে রিটার্নিং অফিসার ছিলেন তাঁকে ও নির্বাচন কমিশনকে নোটিসের একটি করে কপি দেওয়া হবে। এ ছাড়া মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব নথি সংরক্ষণ করার কথা বলা হয়েছে। বিচারপতি কৌশিক চন্দের ঘর থেকে হস্তান্তরের পর বিচারপতি শম্পা সরকারের এজলাসে চলছে এই মামলার শুনানি।

নির্দেশ দেওয়া হয়েছে, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গণনা সংক্রান্ত সব নথি ও ভিডিও ফুটেজ সংরক্ষিত রাখা হয়। কমিশনের তরফ থেকে গণনাকেন্দ্রগুলিতে সিসিটিভি লাগানো হয়েছিল। তাই ওই সব কেন্দ্রের ফুটেজ যাতে সংরক্ষিত থাকে, সেই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১২ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

নন্দীগ্রামের হাই প্রোফাইল কেন্দ্রে শেষ মুহূর্তের গণনায় হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ফল প্রকাশের ৪১ দিন পর নন্দীগ্রামের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে মামলা দায়ের হয় হাইকোর্টে।প্রথমে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে ওঠে এই মামলা। মুখ্যমন্ত্রীকে ৫ লক্ষ টাকা জরিমানা করে নন্দীগ্রাম মামলা ছেড়ে দেন তিনি। পরে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে এই মামলা স্থানান্তরিত করা হয়। কৌশিক চন্দ বিজেপি ঘনিষ্ঠ বলে তাঁকে নিয়ে আপত্তি ওঠে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলই মামলাটি পাঠান বিচারপতি শম্পা সরকারের এজলাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *