ভ্যাকসিন-অক্সিজেন বন্টন নিয়ে জনস্বার্থ মামলায় জবাব তলব হাইকোর্টের

রাজেন রায়, কলকাতা, ৬ মে: দেশজুড়ে ঊর্দ্ধমুখী করোনা গ্রাফ। প্রকোপ এতটাই বেড়েছে যে তাতে রাশ টানতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই। যে পরিমাণ ভ্যাকসিন কেন্দ্র সরবরাহ করছে তা পশ্চিমবঙ্গের মত জনবহুল রাজ্যের জন্য অপর্যাপ্ত। এই পরিস্থিতিতে ডাঃ ফুয়াদ হালিমের করা জনস্বার্থ মামলায় সরব হল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

জানতে চাওয়া হল ভ্যাকসিন বন্টন ও অক্সিজেন সাপ্লাই নিয়ে কেন্দ্র কী ভাবছে। কেন্দ্রের দায়িত্ব প্রত্যেকটি রাজ্যে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন বন্টন করা। কিন্তু সেই দায়িত্ব কি আদৌ পালন করছে কেন্দ্র? প্রশ্ন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির।

এখন মহামারীর আকার ধারণ করেছে করোনা। এই সময় কেন্দ্র রাজ্যগুলোকে সাহায্য করবে এটাই স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্র আগে কতটা ভ্যাকসিন পাঠিয়েছে এবং আগামী দিনে কতটা ভ্যাকসিন পাঠাতে চায়, কলকাতা হাইকোর্টের কাছে তার জবাবদিহি করতে হবে কেন্দ্রকে। আগামী ১০ মে, মামলার পরবর্তী শুনানির দিন হলফনামার মাধ্যমে বক্তব্য জানাতে হবে কেন্দ্রকে।এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *