আমাদের ভারত, ৩১ জুলাই: হাইকোর্টে ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। একুশে জুলাই একেবারে মঞ্চ থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিজেপি নেতা-নেত্রীদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির ডাক দিয়েছিলেন। কিন্তু সোমবার সেই কর্মসূচির উপর স্থগিতাদেশ জারি করে দিল কলকাতা হাইকোর্ট।
একুশে জুলাই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে এবার বঙ্গ বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। বিজেপির বড় হোক বা মেজো বা ছোট সব নেতার বাড়ির শান্তিপূর্ণভাবে ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। আর এই কর্মসূচি আসলে মানুষের মৌলিক অধিকারের হস্তক্ষেপ এই দাবি করে হাইকোর্টের মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার প্রধান বিচারপতিটি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানেই রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “প্রশাসন কোনও পদক্ষেপ করল না কেন? প্রধান বিচারপতি আরো বলেন, কেউ যদি এ ধরনের মন্তব্য করে, তাহলে প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না? ধরুন কেউ বলল হাইকোর্ট ঘেরাও করবে তাহলে প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না?”
ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, সাধারণ মানুষের সমস্যা হয় এইরকম কোনো কর্মসূচি করা যাবে না। প্রধান বিচারপতি আরো বলেন, “একুশে জুলাই সভার জন্য কোর্টেও কোনও কাজ হয়নি। ১১:৩০ টার মধ্যে কোর্ট রুম ফাঁকা হয়ে যায়। আমরা বিচারপতিরা উঠে যেতে বাধ্য হই। রাজনীতি করুন। আপনি জিতুন অন্যরা হারুক। আপনি হারুন অন্যরা জিতুক। কিন্তু তার জন্য সাধারণ মানুষ কেন ভুগবে?”

