আমাদের ভারত, ১১ নভেম্বর: বিজেপি যুব মোর্চার ডেঙ্গি সচেতনতা মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানিতে বিচারপতির রাজা শেখর মান্থা বিজেপির আবেদনের পক্ষেই রায় দিয়েছেন। পদ্ম শিবির জানিয়েছিল, মিছিলের অনুমতি চাওয়ায় পুলিশের তরফে তা আটকে দেওয়া হয়। এর বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। শেষে হাইকোর্ট তাদের অনুকূলেই রায় দিয়েছে। তবে বিজেপির প্রস্তাবিত মিছিলের রুটে কিছু বদল করার নির্দেশ দিয়েছে আদালত।
বিজেপির দক্ষিণ কলকাতা যুব মোর্চার তরফে আগামী সোমবার রাসবিহারী এভিনিউ থেকে চেতলা পর্যন্ত ডেঙ্গি সচেতনতা মিছিলের আয়োজন করা হয়। কিন্তু পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি। বিজেপি এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলে রাজ্যের তরফে জানানো হয় ওই একই দিনে তিনটি মিছিলের ডাক দেওয়া হয়েছে। একসঙ্গে তিনটি মিছিল সামলাতে পুলিশের সমস্যা হতে পারে। বিচারপতিও বিষয়টি ভাবনা চিন্তা শুরু করেন। পরে মিছিলের অনুমতি দেন তিনি। তবে তার রুট পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আদালতের নির্দেশে জানানো হয়েছে, বিজেপিকে মিছিলের অভিমুখ নিউ আলিপুর থেকে চেতলা পার্ক পর্যন্ত করতে হবে। তাদের প্রস্তাবিত রুটে মিছিল হবে না। দলের তরফে সেই নির্দেশ মেনে নেওয়া হয়েছে বলে জানাগেছে।
রাজ্য সরকার ডেঙ্গি নিয়ন্ত্রণে ব্যর্থ, বিজেপি সহ অন্যান্য সব বিরোধী দলগুলো এই অভিযোগে সরব। এবার সেই ডেঙ্গি সচেতনতা মিছিলের আয়োজন করে কার্যত পদ্মনেতারা রাজ্যের শাসক দলের ব্যর্থতাই মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন।

