স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২ মার্চ:
নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু প্রার্থী তালিকা এখনও ঘোষণা করেনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বসে নেই সংগঠন, আর তাই জোর কদমে প্রার্থীর নাম ছাড়াই দলীয় প্রতীক ঘাসফুল চিহ্ন এঁকে দেওয়াল লিখনের কাজ শুরু করল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস। হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখর রায়ের নেতৃত্বে কর্মী সমর্থকরা ব্লকের ৫টি গ্রামপঞ্চায়েত অঞ্চলের বিভিন্ন এলাকায় দলের হয়ে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। শুধু দেওয়াল লিখনই নয় এলাকার বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা ও উন্নয়নের প্রচার করে ভোটের জন্য আবেদন শুরু দিয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখর রায় বলেন, মানুষ রাজ্যের উন্নয়নের নিরিখেই ভোট দিয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী নির্বাচিত করবেন। এখানে বিজেপি বা বাম-কংগ্রেস জোটের কোনও প্রভাব পড়বে না। সাধারণ মানুষ রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে নানান সুযোগ সুবিধা পেয়ে আপ্লুত হয়ে আছেন। তাই হেমতাবাদ বিধানসভা শুধু নয় সারা রাজ্যেই তৃণমূল কংগ্রেস বিপুল জনমত নিয়ে জয়লাভ করবে।

