দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত পুরুলিয়া শহর

সাথী দাস, পুরুলিয়া, ১১ ফেব্রুয়ারি: দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল পুরুলিয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। দেওয়াল লিখতে গিয়ে এক শিল্পীকে চড় মারার অভিযোগ উঠল। ১৫ নম্বর ওয়ার্ডের হুসেনই ডাঙ্গা এলাকায় কংগ্রেস প্রার্থী রুকাইয়া খাতুনের সমর্থনে দেওয়াল লিখতে শুরু করেন কর্মীরা। সেখানে এক শিল্পীকে দিয়ে দেওয়াল লেখাচ্ছিলেন প্রার্থীর স্বামী আসলাম শেখ। সেই সময় তৃণমূলের কর্মীরা তাঁকে বাধা দেন বলে অভিযোগ। একই সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে শিল্পীকে চড় মারাও হয়।

তৃণমূলের দাবি, ওই দেওয়াল বিগত দিনে ঘাসফুল প্রতীক দিয়ে প্রচার করা হয়েছে। কাজেই সেটি মুছে কংগ্রেস দখল করতে চাইছে বলে অভিযোগ তৃণমূল প্রার্থী নিলুফার আনজুমের ছেলে বিলাল খান। স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা জাভেদ ইকবাল বলেন, ওই দেওয়ালটি আমাদের দলের প্রতীক আঁকা ছিল। বাড়ির মালিক দুই পক্ষকে এখন লিখতে বারণ করেছিলেন। তাই আমরা আর লিখিনি। সেই ফাঁকে ওই দেওয়ালে কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করে ওরা। আমরা সেটা লিখতে নিষেধ করি মাত্র। এছাড়া কিছুই নয়।

এদিকে এই নিয়ে বচসা হয় দুই পক্ষের মধ্যে। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় পুলিশি টহল। বাড়ির মালিক নইমা খাতুন বলেন, “দেওয়ালে লেখার জন্য কোনও দলকে অনুমতি দেওয়া হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *