রাজেন রায়, কলকাতা, ৩১ জুলাই: কোনও ভাবেই টিকাকরণ নিয়ে নির্দিষ্ট সময়ের থেকে বেশি দেরি করা যাবে না। প্রথম ডোজ পাওয়া সমস্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্বিতীয় ডোজ পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এই দায়িত্ব নিতেই হবে রাজ্য প্রশাসনকে।টিকাকরণ নিয়ে এবারে কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর।
রাজ্যের বিভিন্ন প্রান্তে দ্বিতীয় ডোজের টিকা নির্দিষ্ট সময়ে না পাওয়া নিয়ে অভিযোগও উঠেছে। অনেকেই নির্দিষ্ট সময়সীমার পরেও তার দ্বিতীয় টিকাকরণের ব্যবস্থা করে উঠতে পারছেন না। স্বাস্থ্য দফতরের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও ব্যক্তিকে দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে দেরি করা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে সকলে ভ্যাকসিন পান, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি নোডাল অফিসারকে ভ্যাকসিন সেন্টারে থাকতে হবে। তাঁর তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে যাতে ভ্যাকসিন হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
এর আগেও স্বাস্থ্য দফতরের তরফে কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গকে যেন জনসংখ্যার অনুপাতে পর্যাপ্ত টিকা দেওয়া হয়। পরদিনই পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকিসনের আরও ২১ লাখ ডোজ টিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনটাই জানা গিয়েছে।

