আমাদের ভারত, ২৮ এপ্রিল: অত্যাধিক গরমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটির যে সিদ্ধান্ত নিয়েছেন, তার বিরোধিতা করে বিবৃতি দিল হেড মাস্টার সংগঠন।
অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসসের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বৃহস্পতিবার জানান, “এত ছুটি ধর্মে সইবে না। সরকারি শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার ভয়ানক চক্রান্ত। সকালের স্কুল করা হচ্ছিল। সেটা না চালিয়ে গরমের ছুটি দিয়ে দিল। পরের দিকে তো আরও গরম পড়বে। এই মুহূর্তে উত্তর বঙ্গের জেলাগুলিতে স্বাভাবিক গরম। তাহলে গরমের ছুটি কি চলতেই থাকবে?
প্রতি বছর একই দৃশ্য। মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী পুজোর ছুটি প্রায় এক মাস। আর গরমের ছুটি মাত্র ১২ দিন। তারপর আবার যদি করোনার ৪ নম্বর ঢেউ সামলাতে গিয়ে লকডাউন হয়, তাহলে তো ছুটি চলছে, চলবে। পঞ্চম থেকে দশম শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী ৭ মে’র মধ্যে করার নির্দেশ ছিল।
পরীক্ষার রুটিনও ছাত্র-ছাত্রীরা পেয়ে গিয়েছিল। একাদশ শ্রেণির প্রাকটিক্যাল পরীক্ষা চলছিল। বৃত্তিমূলক শিক্ষার পরীক্ষা ছিল। ছাত্র-ছাত্রী, অভিভাবক অভিভাবিকা, কেউ এই ছুটিতে খুশি নন। কোনো শিক্ষক সংগঠন ছুটির দাবি করেনি। শিক্ষক শিক্ষিকাগণকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়ার সুপরিকল্পিত চক্রান্ত বলে আমাদের মনে হয়েছে।কোথায় যেন ভাতার নীচে শিক্ষা চাপা পড়ে যাচ্ছে।”

