আমাদের ভারত, ১২ আগস্ট: যাদবপুরকাণ্ডের কড়া মন্তব্য করলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “নাগরিক হিসেবে মাথা নিচু হয়ে যাচ্ছে”।
পৌষালীর কথায়, “এ কোন এলোমেলো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা? নাগরিক হিসেবে মাথা নিচু হয়ে যাচ্ছে প্রতিদিন। দেশ, রাজ্য, নিজের শহরজুড়ে এমন সব ঘটনার ঘনঘটা যা স্তম্ভিত করে দেয়। ফেসবুকে বিপ্লব করছি বলে অনেকে খোঁটা দিতে পারেন, তবে জনগণের প্ল্যাটফর্মে একজন আমজনতা হিসেবে কিছু কথা বলতে চাই।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, তা আবারও প্রমাণ করে দিল যে শতাব্দীর পর শতাব্দী চলে গেলেও, প্রযুক্তি আমাদের উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিলেও প্রাণী হিসেবে আমরা সেই আদিম, কাঁচা মাংসখাদক জন্তু হয়েই থেকে যাবো।
যে চলে গেছে, সে তো গেছেই, কিন্তু প্রশ্ন রয়ে গেল অনেক গুলো। প্রথমত, র্যাগিং নামক ব্যাধি থেকে কেন এত বছর পরেও ছাত্রদের জীবনকে মুক্ত করতে পারলো না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? দ্বিতীয়ত, যে বা যারা এই ঘৃণ্য কাজ করলো, তাদের শাস্তির মধ্যে দিয়ে কোনো দৃষ্টান্ত রাখা হলো না কেন? তৃতীয়ত, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা পরিকল্পিত খুনকে কেনই বা আত্মহত্যা বলে নিজেদের দায় এড়াবার চেষ্টা করছে।
একজন সদ্য যুবক হয়ে ওঠা ছাত্রকে নগ্ন করে, তার চুল কেটে তাকে সমকামী তকমা দিয়ে যে অপমানের সামনে এনে দাঁড় করানো হলো, সেই অপমান শিক্ষা দেওয়ার গরিমাতেই কি উজ্জ্বল এই বিশ্ববিদ্যালয়ের আঁতলামি?”
এই মন্তব্য তিনি লিখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা পুলিশের উদ্দেশে।

