গোপীবল্লভপুরে মামা শ্বশুরের বাড়ি থেকে উদ্ধার জামাইয়ের ঝুলন্ত মৃতদেহ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২৯ জুন: মামা শ্বশুরের বাড়ি থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল জামাইয়ের ঝুলন্ত মৃতদেহ। বুধবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোপীবল্লভপুরের কালিতলা গ্রামে।

পুলিশ সুত্রে জানা গেছে, মৃত যুবকের নাম নুনা সিং। বয়স ৪৫ বছর। বাড়ি গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের ডাঙ্গরসাই গ্রামে।

জানা গেছে, ওই ব্যক্তি নিজের শারীরিক চিকিৎসার জন্য গত দু’মাস ধরে নিজের বাড়ি ছেড়ে কালিতলা গ্রামে মামা শ্বশুরের বাড়িতে ছিলেন। ভুগছিলেন ভগন্দরের সমস্যায়।

তার মধ্যে এদিন সকালে কালিতলা গ্রামে মামা শ্বশুরের বাড়ির পেছনে ঝুলন্ত অবস্থায় দেখা যায় নুনা সিংকে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলে গোপীবল্লভপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শারীরিক অসুস্থতার জন্য ওই ব্যক্তি মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *