পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ এপ্রিল: শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জের ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের নেওনা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বাবু মোল্লা (২৪)। এদিন বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে পুকুর পাড়ের একটি গাছ থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
জানাযায়, দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের নেওনা এলাকার বাসিন্দা বাবু মোল্লা। পেশায় ট্রাক্টর চালক বাবু মাত্র কয়েকমাস আগেই বিয়ে করে। গতকাল শ্বশুর বাড়ি থেকে ফেরার সময় নিখোঁজ হয়ে যায় সে। রাতে বাড়ি না ফেরার পাশাপাশি তার মোবাইল ফোন বন্ধ থাকায় কিছুটা সন্দেহের কারণে ওইদিন রাতেই একটি নিখোঁজের অভিযোগ করে বাবুর পরিবার। এরপরেই এদিন সাত সকালে বাড়ি থেকে সামান্য দূরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় কুমারগঞ্জ থানার পুলিশ। তবে খুন না আত্মহত্যা তা নিয়ে জোর তদন্তে নেমেছে পুলিশ।
নুরুল পারভেজ নামে মৃতর এক আত্মীয় বলেন, শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার কথা থাকলেও রাতে না ফেরায় একটি নিখোঁজ ডায়েরিও করেছেন তারা। এদিন সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তবে তার সাথে কারো কোনো ঝামেলা ছিল না।

