আমাদের ভারত, হুগলি, ১ অগস্ট: ঝুলন্ত অবস্থায় শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার বুনো মসজিদ এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম জয়ীতা দাস। বাপের বাড়ি মগরা থানার বিষপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার মাস আগে মগরার বিষপাড়া এলাকার জয়ীতা দাসের সঙ্গে বিয়ে হয় চুঁচুড়ার মৃন্ময় সরকারের। মৃতের দাদা জয় দাস বলেন, রবিবার রাত সাড়ে দশটার সময় আমি বোনকে ফোন করি। বোন বলে দাদা আমি ভালো নেই। আমার উপর শারীরিক মানসিক অত্যাচার করা হয়। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। আমি মরলে সবার সমস্যার সমাধান হবে। আর আমি বেঁচে থাকলে শ্বশুরবাড়ির লোকজন ‘তোর এবং মায়ের ক্ষতি করে দেবে।’ ওই দিনই বোনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় জয়ীতার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে মৃতার পরিবারের সদস্যরা।
অন্যদিকে, জয়ীতার শাশুড়ি অঞ্জনা সরকার দাবি করে বলেন, টিভি দেখে ঘটনার দিন রাত সাড়ে দশটা নাগাদ উপরে গিয়ে ডাকাডাকি করি। কিছুক্ষণ পর বৌমা ঘরে চলে যায়। এগারোটার সময় উপরের ঘরে গিয়ে খাবার জন্য ডাকি। এরপরেই বৌমাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
এই ঘটনায় মৃতার স্বামী মৃন্ময় সরকার ও শ্বশুর তাপস সরকারকে পুলিশ আটক করেছে। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।

