সবংয়ে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার, সিবিআই তদন্তের দাবি ভারতী ঘোষের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৯ নম্বর বলপাই অঞ্চলের পানিথর বুথ এলাকায়। মৃতের নাম দীপক সামন্ত। বয়স ৩৫ বছর।

মৃতের পরিবারের দাবি, দীপককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একই দাবি করেছে বিজেপি নেতৃত্বও। যদিও এদিন দুপুর পর্যন্ত এনিয়ে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানাগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহতের পরিবারের সদস্যরা জানান, অঞ্চল সভাপতি মালিক মাইতি সহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রতিদিন তাকে মেরে ফেলার হুমকি দিতো। তারপর আজ সকাল থেকে ওই বিজেপির বুথ সভাপতি বাড়িতে থেকে উধাও হয়ে যায়। পরবর্তীতে ছেলেকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির ভিতর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাসের অভিযোগ, গত এক বছর ধরে বিজেপি করায় চাষবাস থেকে ওই বুথ সভাপতিকে বয়কট করে রাখা হয়েছিল। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করতেও বাধা দেওয়া হয়েছিল। এমনকি তৃণমূল নেতারা তার স্ত্রীকে হুমকি দেয় স্বামীকে খুন করে দেওয়ার। তারপর আজ তার মৃতদেহ উদ্ধার হয়।

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ ব্যাপারে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক তৃণমূলের সভাপতি আবু কালাম বক্স বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। বিজেপি প্রতিটি মৃত্যু নিয়ে রাজনীতি করার চেষ্টা করে। বিজেপি শকুনের মত মৃতদেহ খোঁজার চেষ্টা করে। ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে সবং থানার পুলিশ আধিকারিকরা। কি কারণে মৃত্যু তার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

বিজেপির সর্বভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ আজ সবং থানায় আসেন এবং মৃত দীপকের পরিবারের সাথে দেখা করেন। তিনি তার পরিবারের পাশে থেকে আইনি সহায়তা করবেন বলে জানান, তাছাড়াও এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *