ভাড়া বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার অশোকনগরে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ জানুয়ারি:
তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো অশোকনগরের আদর্শপল্লী এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম স্মিতা মন্ডল(১৮)। বাড়ি অশোকনগরের নেতাজিনগর হলেও দু’ সপ্তাহ ধরে অশোকনগরের আদর্শ পল্লীতে একটি ভাড়া বাড়িতে একাই থাকতো। শনিবার বিকেলে সেখানেই ঘরের আড়ার সঙ্গে ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। শনিবার সন্ধ্যা নাগাদ পুলিশ দেহ উদ্ধার করে। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।

মৃত তরুণীর বাবা জানায়, গভীর রাত পর্যন্ত মেয়ের ফোনে ফোন আসতো, তাই তাকে বকাঝকা করা হতো। সম্প্রতি মেয়ে উচ্চমাধ্যমিক পাস করেছে তাই কলেজে ভর্তির কথাও চলছিল, কিন্তু মেয়ে দমদমে একটি কল সেন্টারের কাজে যোগ দেয় এবং বাড়িতে জানায় ঠাকুরনগরে ভাড়া বাড়িতে কাজের সুবিধার্থে থাকবে। তবে অশোকনগরে ভাড়া বাড়িতে রয়েছে তা জানতেন না তারা। অশোকনগরের ভাড়াবাড়ি এলাকার বাসিন্দারা জানিয়েছে, এক যুবক মাঝেমধ্যেই তরুণীর সঙ্গে বাড়িতে দেখা করতে আসত।

তরুণীর মৃত্যুর ঘটনায় মৃতার পরিবার অশোকনগর থানায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *