অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৬ জুন: জমির কাছের একটি গাছ থেকে উদ্ধার গলায় ফাঁস লাগানো এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সাঁতকুলি গ্রামে। মৃত যুবকের নাম বালেশ্বর বেসরা। তার বাড়ি সাঁকরাইলের সাঁতকুলি গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে আত্মীয়ের বাড়ি থেকে ফেরে বালেশ্বর, তারপর সে তার বাবার কাছে দুই হাজার টাকা চায়, সন্ধে বেলা দুই হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। তারপর রাত হলেও ঘরে ফেরেনি বালেশ্বর। বৃহস্পতিবার সকালে গ্রামের বাসিন্দারা প্রাতভ্রমনে বেরলে জমির পাশে থাকা একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে পরিবারের লোকেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সাঁকরাইল থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটা খুন না আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ।

