স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ এপ্রিল: নদিয়ার নবদ্বীপের বাস স্ট্যান্ড পলতা ঘাট রোড এলাকায় গুলি করে মহিলা খুনের ঘটনার পাঁচ ঘন্টার মধ্যেই কিনারা করল পুলিশ। পাশাপাশি নবদ্বীপ থানার পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হল খুনে জড়িত মূল অভিযুক্ত। এছাড়াও উদ্ধার হল হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় রানু বৈরাগ্য নামে এক মহিলার। মৃত মহিলা নবদ্বীপ পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ডের শিব তলার ফুলবাগান এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে পারিবারিক ও পুলিশ সূত্রে। অভিযুক্ত নব কুমার কুন্ডু মৃত মহিলার প্রতিবেশী। ওই ব্যক্তি অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে ওই মহিলাকে উত্ত্যক্ত করতো বলে অভিযোগ পরিবারের। তার সেই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আক্রোশের বসে এদিন সকালে গুলি করে রানু বৈরাগ্যকে হত্যা করে নবকুমার মন্ডল নামে অভিযুক্ত ব্যক্তি বলে অভিযোগ মৃতার পরিবারের। ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যেই খুনের কিনারা করার বিষয়টি নবদ্বীপ থানার পুলিশের বড় সাফল্য বলে মনে করছে প্রশাসনিক স্তর থেকে শুরু করে বিভিন্ন মহল।


