আমাদের ভারত, ১০ জুন: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বৃহস্পতিবার থেকে রাজ্যের আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটেছে। রাত এগারোটা পর্যন্ত অবরোধের কারণে নাজেহাল হয়েছে সাধারণ মানুষ। আবার শুক্রবারেও অবরোধ হয়েছে। বোমাবাজির ঘটনা ঘটেছে। তাই সামগ্রিক পরিস্থিতি নিয়ে শুক্রবার রাত দশটার মধ্যে মুখ্যসচিব হরেকৃষ্ণ ত্রিবেদীর কাছে জরুরি রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল।
টুইটারে রাজ্যপাল লিখেছেন, আশা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন। তাদের যেন কোনো মতেই ছেড়ে দেওয়া না হয়। নবী ইস্যুতে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে হাওড়ার অঙ্কুরহাটিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অবরোধ চলে প্রায় রাত ১১টা পর্যন্ত। অবরোধের জেরে ছড়িয়ে পড়ে কলকাতার বড় অংশ। হাজার হাজার যানবাহন স্তব্ধ হয়ে যায়। চূড়ান্ত দূর্ভোগে পড়ে মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য করজোড়ে আবেদন পর্যন্ত করতে হয়। নানাখোদা মসজিদের ইমাম অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে মোবাইলের মাধ্যমে ইমামের বার্তা শোনান। কিন্তু তারপরেও অবরোধ ওঠেনি। রাত এগারোটার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
শুক্রবার ওই একই ইস্যুতে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু এলাকায় রাস্তা অবরোধ হয়েছে। বোমাবাজির ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে। রেল অবরোধ হয়েছে। পুলিশ লাঠিচার্জ করেছে। কাঁদানে গ্যাস ছুঁড়েছে। অবরোধ ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যপাল সামগ্রিক বিষয় সম্পর্কে ফের উদ্বেগ প্রকাশ করে রিপোর্ট তলব করেছেন।

