রাজেন রায়, কলকাতা, ১৫ ডিসেম্বর: লোকসভায় পেগাসাস নিয়ে আওয়াজ তুলেছিলেন বিরোধীরা।
পেগাসাস তদন্তে রাজ্য সরকারের গঠিত হয়েছিল কমিশন। তার তরফে ২১ জনকে তলব করা হয়েছিল। তাদের মধ্যে নাম ছিল রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের।
এবার সেই কমিটি কতটা কাজ করছে তার রিপোর্ট চাইলেন রাজ্যপাল। রাজ্যপাল আজ একটি ট্যুইট করেছেন, তিনি লিখেছেন, বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে পেগাসাস তদন্ত কমিটিকে যাবতীয় তথ্য পেশ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ জুলাই পেগাসাস তদন্তের জন্য তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
চলতি বছরের জুলাই মাসে পেগাসাস নিয়ে তোলপাড় হয়ে ওঠে বিশ্বের একাধিক দেশ তার মধ্যে ছিল ভারতবর্ষ। অভিযোগ ওঠে ইজরায়েলি পেগাসাসকে কাজে লাগিয়ে একাধিক দেশের প্রথম সারির রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক, বিরোধী দলের নেতা, সামরিক কর্তাদের ফোনে আড়িপাতা হয়েছে। বিরোধীরা এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন। এমনকি এই ব্যাপারে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছিল। সুপ্রিম কোর্টের নজরদারিতে পেগাসাস তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার তদন্ত কমিশন তৈরি করেছে। শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি মদনপুর হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে নিয়ে গঠিত হয়েছে রাজ্যের কমিশন। কিছুদিন আগেই রাজ্যের কাছে কমিটি সম্পর্কিত তথ্য চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এখনও পর্যন্ত তিনি রিপোর্ট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে যাবতীয় তথ্য পেশের নির্দেশ দিলেন রাজ্যপাল।

