রাজেন রায়, কলকাতা, ৫ সেপ্টেম্বর: রাজভবনের গোপন তথ্য নবান্নে চলে যাচ্ছে, এমন অভিযোগ কিছুদিন আগেই তুলেছিলেন রাজ্যপাল। আর তার জন্য সন্দেহের তির ছিল রাজভবনের কর্মীদের দিকেই। এবার রাজভবনের পাঁচ জন অফিসার-কর্মীকে ফিরিয়ে নিতে বলে সরাসরি নবান্নে চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। চার জন অফিসার পদের এবং এক জন জমাদার পদের কর্মীকে চিহ্নিত করে নাম পাঠিয়ে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিকল্প কর্মী-অফিসার পাঠাতে বলা হয়েছে নবান্নকে।
নবান্নে আসা ওই চিঠি অনুযায়ী, এরা হলেন রাজ্যপালের প্রেস সচিব মানব বন্দ্যোপাধ্যায়, রাজভবনের বিশেষ সচিব কুমারজীব চক্রবর্তী, পার্সোনাল সেক্রেটারি প্রশান্ত সরকার, হাউস কিপার মৌ মিত্র সরকার এবং জমাদার পার্থপ্রতিম ঘোষ। ওই চিঠিতে বলা হয়েছে, ৫ জনকেই তাদের ‘পেরেন্ট ডিপার্টমেট’ অর্থাৎ তাঁরা সরকারের যে দফতর থেকে রাজভবনে কাজ করতে এসেছেন, সেখানে ফিরিয়ে নেওয়া হোক। প্রসঙ্গত, মানব বন্দ্যোপাধ্যায়কে তথ্য সংস্কৃতি দফতর থেকে রাজভবনে নিয়োগ করা হয়েছিল। প্রশান্ত সরকারকে নিয়োগ করা হয়েছিল অর্থ দফতর থেকে। কিন্তু মৌ মিত্র সরকার ও পার্থপ্রতিম ঘোষ রাজভবনের কর্মী। তাই যদিও বা বাকিদের বদলি করা যায়, শেষের দুজনের কিভাবে বদলির সম্ভব তা নিয়ে প্রশ্ন থাকছেই।
প্রসঙ্গত, রাজভবনের কর্মী থেকে নিরাপত্তা সমস্ত কিছু দায়িত্ব থাকে সরাসরি রাজ্য প্রশাসনেরই। এর আগে দায়িত্বপ্রাপ্ত কলকাতা পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে পুলিশকেও দায়িত্ব থেকে সরিয়ে সিআইএসএফের নিরাপত্তা বলয় নিয়েছেন তিনি। এবার কর্মী বদলের দাবি করলেন। যদিও এই দাবি মেনে নেওয়া হতে পারে বলেই নবান্ন সূত্রের খবর।

