“নারী পাচার বন্ধ করতে কিছুই করছে না সরকার”, অভিযোগ এক সময় পাচার হয়ে যাওয়া মহিলাদের

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৯ মার্চ: নারী পাচার বন্ধ করতে সরকার কিছু করছে না। এমনকি পাচারকারীদের ধরেও উপযুক্ত শাস্তিও দিচ্ছে না। এমনই ১১ দফা দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন, এক সময় পাচার হয়ে যাওয়া মহিলারা। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার টাউন হল মাঠে নারী পাচারকারীদের বিরুদ্ধে সাংবাদিক সন্মেলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সেই সব মহিলারা ও বিজয়িনী দল।

শুধু পাচারকারী নয়, তাদের অভিযোগ, এই নারী পাচারকারীরা সক্রিয় ভাবে কাজ করছেন সরকারি উদাসীনাতার জন্য। সরকার উদাসীন বলেই নারী পাচারে রমরমা।

গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, গত কয়েক বছর ধরে বনগাঁ, বাগদা, গোপালনগর বসিরহাট, গাইঘাটা ও ঘোজাডাঙা সীমান্ত এলাকা থেকে কয়েকশো তরুণী পাচার হয়েছে। কেউ কাজ দেওয়ার নাম করে, কাউকে বিয়ে করে নিয়ে গিয়ে ভিন রাজ্যে বিক্রি করে দিয়েছে পাচারকারীরা। শুরু এদেশের মহিলারা পাচার হচ্ছে এমন নয়, বাংলাদেশ থেকেও কাজ দেওয়ার নাম করে বিভিন্ন নিষিদ্ধপল্লি এলাকায় বিক্রি করে দিচ্ছে এই পাচারকারীরা। তাঁদের অভিযোগ, পুলিশ ওই সব পাচারকারীকে গ্রেফতার করেও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছে না। এছাড়া পাচার হয়ে যাওয়া তরুণীদের পুলিশ ফিরিয়ে নিয়ে আসার পর তাঁদের সঙ্গে অশ্লীল আচারণ করে বলে অভিযোগ।

বিজয়িনী সংগঠনের এক মহিলা বলেন, পাচার হয়ে যাওয়া মহিলারা একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করেছেন তাঁর নাম বিজয়িনী দল। এই সংগঠন দীর্ঘদিন ধরে সমাজের সামাজিক কাজকর্ম করে চলেছেন। তারা আজ সরকার থেকে বিতারিত। তাই আজ ১১ দফা দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে এই সাংবাদিক সন্মেলন। তাঁদের দাবি, যে সরকারই আসুক না কেন আমাদের সুরক্ষার কথা ভাবতে হবে। আমদের সুস্থতার জন্য প্রতিটি ব্লকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়া সমস্ত ব্লকে ব্লকে নারী পাচারের বিরুদ্ধে প্রচার করতে হবে। আমফানে অনেক মহিলারা ত্রাণের টাকা থেকে বঞ্চিত হয়েছে তাঁদের টাকা দিতে হবে। এমনই ১১ দফা দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *